১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৫:২১ অপরাহ্ন


ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৮ ১৬:৪০:৪১
ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন ছবি: সংগৃহীত


দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর মুসলিম উম্মাহর দ্বারে আনন্দের বার্তা নিয়ে হাজির হয় পবিত্র ঈদুল ফিতর। রমজানের কঠিন ধৈর্য ও ত্যাগের পর এই দিনটি মুমিন বান্দাদের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার হিসেবে গণ্য হয়। সাধারণত ২৯ রমজান সন্ধ্যায় রোজাদাররা আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদের সন্ধান করেন। ইসলামের বিধান অনুযায়ী, ঈদের নতুন চাঁদ দেখা গেলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও নিজেদের কল্যাণের জন্য একটি বিশেষ দোয়া পড়া সুন্নাত। রাসুলুল্লাহ (সা.) নিজে নতুন চাঁদ দেখতেন এবং সাহাবায়ে কেরামকেও চাঁদ দেখার পাশাপাশি এই দোয়াটি পড়ার নির্দেশ দিতেন।

হজরত তালহা ইবনু ওবায়দুল্লাহ (রা.) থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) যখনই নতুন চাঁদ দেখতেন, তখনই মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করতেন—

اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْনِ وَالإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ

এই দোয়ার উচ্চারণ হলো: ‘আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।’ এর অর্থ অত্যন্ত গভীর— ‘হে আল্লাহ! তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ইমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ’ (তিরমিজি : ৩৪৫১)। ঈদের আনন্দ পূর্ণতা পায় যখন তা সুন্নাহ অনুযায়ী শুরু হয়। তাই নতুন চাঁদ দেখার মুহূর্তে এই দোয়াটি পড়ার মাধ্যমে মুমিনরা আগামীর দিনগুলোর জন্য মহান আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তার প্রার্থনা করেন।