মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের ৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে সরকার দাম বাড়তে দেয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ ‘কাটাখালি খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তেল আমদানিনির্ভর হওয়া সত্ত্বেও কৃষক, মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকার জ্বালানি তেল ও বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জনগণের স্বস্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
যুদ্ধের কারণে প্রবাসীদের উদ্ভূত সমস্যা নিয়ে প্রতিমন্ত্রী জানান, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যারা যেতে পারছেন না, তাদের সমস্যা সমাধানে পররাষ্ট্রমন্ত্রী নিরলস কাজ করছেন। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা এবং সংযুক্ত আরব আমিরাতসহ পাঁচটি গন্তব্যে ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে। যুদ্ধে নিহত চার বাংলাদেশির মরদেহ দেশে এনে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা টিকিট কেটেও বিমানে যেতে পারছেন না, তাদের টিকিটের টাকা কোনো কর্তন ছাড়াই সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
সারাদেশে নদী-নালা ও খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ইসলামপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি এবং মোস্তাফিজুর রহমান বাবুল এমপি। ইসলামপুরে কাটাখালি খাল খনন উদ্বোধন শেষে বিকেলে প্রতিমন্ত্রী মাদারগঞ্জ উপজেলায় ৫ কিলোমিটার দীর্ঘ ‘পলিশা-দুধিয়াগাছা’ খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করেন।