১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৫৮:৫০ অপরাহ্ন


শুরু হচ্ছে ৭ দিনের ঈদের ছুটি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৬ ১৫:৩৩:৪৮
শুরু হচ্ছে ৭ দিনের ঈদের ছুটি ছবি: সংগৃহীত


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আজ সোমবার (১৬ মার্চ) ছিল শেষ কর্মদিবস। কাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের দীর্ঘ ছুটি। মূলত শবে কদর ও ঈদের ছুটির মাঝখানে আগামী ১৮ মার্চ (বুধবার) একমাত্র কর্মদিবস থাকলেও, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার ওইদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক-বিমাসহ সকল প্রতিষ্ঠান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে ঈদুল ফিতর পালিত হবে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং এর আগে-পরে ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে মোট চার দিনের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। এখন ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় এই অবসর দীর্ঘ হলো। টানা সাত দিনের ছুটি শেষে আগামী ২৪ মার্চ সব প্রতিষ্ঠান পুনরায় খুলবে।

তবে উৎসবের আমেজ এখানেই শেষ হচ্ছে না। ২৪ ও ২৫ মার্চ অফিস করার পর ২৬ মার্চ (বৃহস্পতিবার) আবারও রয়েছে স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই মাঝের ওই দুই দিন বাড়তি ছুটি নিয়ে মাসের প্রায় অর্ধেক সময় (টানা ১২ দিন) বিশ্রামের সুযোগ পাচ্ছেন। আগামী ২৯ মার্চ থেকে সারাদেশে নিয়মিত অফিস কার্যক্রম শুরু হবে।