১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৪৬:২৯ অপরাহ্ন


৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৫ ২০:৫৩:৪৭
৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ছবি: সংগৃহীত


সরকার দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচজন উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে প্রশাসনিক প্রয়োজনে এই পাঁচ জেলার পূর্ববর্তী জেলা প্রশাসকদের প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।