১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:১২:০৪ অপরাহ্ন


সুপরিকল্পিত রাজনৈতিক আঘাতের অভিযোগ এনে নাহিদ ইসলামের বিবৃতি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৩ ১৭:১৫:৪৮
সুপরিকল্পিত রাজনৈতিক আঘাতের অভিযোগ এনে নাহিদ ইসলামের বিবৃতি ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপকে ‘সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, মামলা দিয়ে জুলাই আন্দোলনের চেতনা বা নেতৃত্বকে দমন করা সম্ভব নয়।

বিবৃতিতে নাহিদ ইসলাম উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে দেশের তরুণ প্রজন্মের কাছে সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছে। আসিফ মাহমুদসহ এই আন্দোলনের সমন্বয়কদের অভ্যুত্থানকালীন ভূমিকা নিয়ে সম্প্রতি মামলা দায়েরের যে অপচেষ্টা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। যদিও আদালত সেই মামলাটি গ্রহণ করেনি, তবে এই ধরনের প্রচেষ্টা প্রমাণ করে যে ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো পর্দার আড়াল থেকে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, নতুন বাংলাদেশে এই হয়রানির অপচেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত জুলাই বিপ্লবের চেতনা ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুসংগঠিত হামলা। তিনি স্মরণ করিয়ে দেন যে, অতীতেও কোনো ভয়ভীতি বা মামলা দিয়ে এই সাহসী নেতৃত্বকে দমানো যায়নি এবং ভবিষ্যতেও তা সম্ভব হবে না।

বিবৃতির শেষে তিনি সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরাজিত অপশক্তির এসব অপতৎপরতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।