১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৭:৪৫ অপরাহ্ন


খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৫:১২:৪১
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি খালেদা জিয়াকে 'গণতন্ত্রের মা' হিসেবে অভিহিত করেন এবং দেশের গণতান্ত্রিক ইতিহাসে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আক্ষেপ প্রকাশ করে বলেন, আজ যদি খালেদা জিয়া সংসদে উপস্থিত থাকতেন, তবে তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, খালেদা জিয়া সংসদীয় রাজনীতিতে কতটা জনপ্রিয় ছিলেন—যতগুলো আসনেই তিনি নির্বাচনে লড়েছেন, সবকটিতেই বিপুল ভোটে জয়লাভ করেছেন।

সালাহউদ্দিন আহমদ আবেগঘন কণ্ঠে বলেন, যদিও আজ সেই গণতন্ত্রের মা সশরীরে আমাদের মাঝে নেই, তবুও তিনি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। বাংলাদেশের মানুষের কাছে তিনি চিরকাল গণতন্ত্রের অনুপ্রেরণা হয়ে থাকবেন। বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই বিপ্লবে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।