১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৩:৩৯ অপরাহ্ন


অস্ত্র ছিনতাই হওয়া পুলিশের এএসআই প্রত্যাহার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১১ ২০:০৪:৫৪
অস্ত্র ছিনতাই হওয়া পুলিশের এএসআই প্রত্যাহার ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) কাছ থেকে পিস্তল ও গুলি ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, অস্ত্র খোয়ানোর দায়ে এএসআই লুৎফর রহমানকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত সোমবার ভোরে শহরের নিতাইগঞ্জ এলাকায়। মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী কর্তব্যরত এএসআই লুৎফর রহমানের ওপর অতর্কিত হামলা চালিয়ে তার ব্যবহৃত লোড করা পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই পুলিশ ও ডিবি’র একাধিক দল অভিযানে নামে। ওই দিন সন্ধ্যায় মিশাল ওরফে বিশাল (৩০) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত মিশালের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বন্দর উপজেলার উইলসন রোড এলাকা থেকে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ছিনতাই হওয়া পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি চাপাতি, ছোরা এবং বড় চাকুও জব্দ করেছে পুলিশ।

এই ঘটনায় এএসআই লুৎফর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দস্যুতার মামলা করেছেন। পাশাপাশি অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক আরও একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মিশাল বর্তমানে পুলিশি হেফাজতে থাকলেও ঘটনার সাথে জড়িত বাকি দুই ছিনতাইকারী এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।