১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৮:১৭ অপরাহ্ন


এবার ঢাকা ওয়াসার সাবেক এমডির সম্পত্তি জব্দ চেয়ে হাইকোর্টে রিট
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১০ ১৬:১২:২৪
এবার ঢাকা ওয়াসার সাবেক এমডির সম্পত্তি জব্দ চেয়ে হাইকোর্টে রিট ছবি: সংগৃহীত


ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম বেপারী ও তাঁর পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজাতুল কুবরা জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

এদিকে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় আব্দুস সালাম বেপারী ও তাঁর স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। একই সঙ্গে তাঁদের এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য দ্রুত সিআইডিকে সরবরাহের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মূলত কানাডায় বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগ ওঠার পর থেকেই সালাম বেপারীর বিরুদ্ধে আইনি তৎপরতা শুরু হয়। গত ৮ মার্চ পদত্যাগ করার পর সিআইডি তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করে। আদালতের আজকের এই নির্দেশনার ফলে তদন্ত চলাকালীন তিনি বা তাঁর পরিবারের সদস্যরা দেশ ছাড়তে পারবেন না এবং তাঁদের সম্পদের বিস্তারিত তথ্য এখন আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে থাকবে।