১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪১:৫৬ অপরাহ্ন


ভারত থেকে আমদানি করা হচ্ছে ৫ হাজার টন ডিজেল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১০ ১৫:১০:৪১
ভারত থেকে আমদানি করা হচ্ছে ৫ হাজার টন ডিজেল


ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। আজ মঙ্গলবার (১০ মার্চ) এই ডিজেল দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানান, সোমবার বিকেল থেকেই ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ মেট্রিক টন হারে তেল আসছে এবং আশা করা হচ্ছে যে বুধবার সন্ধ্যার মধ্যে পুরো ৫ হাজার টন ডিজেলের সরবরাহ সম্পন্ন হবে। ১৩১ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনটি গত বছরের মার্চে উদ্বোধন করা হয়েছিল, যার মাধ্যমে বছরে প্রায় ২ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে। এর ফলে রেল ওয়াগনের তুলনায় পরিবহন খরচ ও সময় দুই-ই অনেক কমে এসেছে।

বর্তমানে দেশে ডিজেলের স্বাভাবিক দৈনিক চাহিদা ১২ থেকে ১৩ হাজার মেট্রিক টন, যা দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৭০ শতাংশ। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সাম্প্রতিক দিনগুলোতে এই চাহিদা হঠাৎ বেড়ে ২০ হাজার মেট্রিক টনে গিয়ে ঠেকেছে। ভারত থেকে এই বাড়তি সরবরাহ আসার ফলে দেশের বাজারে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।