১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৫:১৬ অপরাহ্ন


ট্রাম্প-পুতিনের ফোনালাপ, যুদ্ধ বন্ধে পারস্পরিক আহ্বান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১০ ১৪:৫৫:২৬
ট্রাম্প-পুতিনের ফোনালাপ, যুদ্ধ বন্ধে পারস্পরিক আহ্বান ছবি: সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে এক গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়েছেন। সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টাব্যাপী এই ফোনালাপে তাঁরা মূলত ইরান যুদ্ধ, ইউক্রেন সংকট এবং বিশ্ব তেলের বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। চলতি বছরে দুই নেতার মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক কথোপকথন।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনাটি ছিল অত্যন্ত খোলামেলা ও গঠনমূলক। আলোচনায় পুতিন ইরান যুদ্ধ দ্রুত সমাপ্তির জন্য রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন। অন্যদিকে, ট্রাম্প ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে জানান যে, পুতিনের সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ কথা হয়েছে এবং রুশ প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করতে সহযোগিতা করতে আগ্রহী। ট্রাম্প আরও যোগ করেন যে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের লড়াই শেষ করতে পারলে তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য আরও বেশি সহায়ক হবে।

এই ফোনালাপের ঠিক কয়েক ঘণ্টা আগেই একটি সরকারি বৈঠকে পুতিন বিশ্বকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের ফলে বৈশ্বিক জ্বালানি সংকটের চরম ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বড় ধরনের ধাক্কা খাবে। তেলের দাম ইতিমধ্যে ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

পুতিন আরও উল্লেখ করেন যে, বর্তমান অস্থিরতার মাঝেও রাশিয়া ইউরোপের দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতায় ফিরতে প্রস্তুত, যদি তারা আগ্রহ দেখায়। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি বিশ্বের তেল সরবরাহে কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তবে তাদের আরও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট আশাপ্রকাশ করেছেন যে, খুব শীঘ্রই এই যুদ্ধের একটি সমাপ্তি ঘটবে।