১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৯:২০ অপরাহ্ন


ভোজ্য তেলের দাম এখন এক টাকাও বাড়বে না: বাণিজ্য মন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৯ ১৭:৫৬:০০
ভোজ্য তেলের দাম এখন এক টাকাও বাড়বে না: বাণিজ্য মন্ত্রী


দেশে জ্বালানি ও ভোজ্যতেলের কোনো সংকট নেই এবং বর্তমানে ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেল উৎপাদক ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। মন্ত্রী আশ্বস্ত করেন যে, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারে সরবরাহ পরিস্থিতিও সম্পূর্ণ স্বাভাবিক।

বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এবং কৃত্রিম সংকট রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে তদারকি ও অভিযান আরও জোরদার করা হবে। অসাধু উপায়ে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে আমদানিকারকরাও নিশ্চিত করেছেন যে, চাহিদার তুলনায় সরবরাহে কোনো ঘাটতি নেই।

তবে কিছু জায়গায় 'প্যানিক বায়িং' বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনার ফলে সাময়িক সংকট দেখা দিচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি সাধারণ ভোক্তাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনের অতিরিক্ত ভোজ্যতেল কিনে মজুত করার কোনো প্রয়োজন নেই। সরকার বাজারের প্রতিটি স্তরে কড়া নজরদারি অব্যাহত রেখেছে।