১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৭:৪৩ অপরাহ্ন


খামেনিপুত্রকে অভিনন্দন পুতিনের, দিলেন পাশে থাকার আশ্বাস
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৯ ১৭:৪৭:২২
খামেনিপুত্রকে অভিনন্দন পুতিনের, দিলেন পাশে থাকার আশ্বাস ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের প্রতি রাশিয়ার ‘অটল’ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৯ মার্চ) এক বার্তায় তিনি তেহরানের পাশে থাকার এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করা মোজতবা খামেনিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পুতিন।

পুতিন তার বার্তায় আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, মোজতবা খামেনি অত্যন্ত সম্মানের সাথে তার বাবার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন এবং বর্তমানের এই ‘কঠিন পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন। এর আগে গত শুক্রবার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক ফোনালাপে পুতিন সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর পরিবারের সদস্য এবং অন্যান্য রাজনৈতিক ও সামরিক নেতাদের নিহতের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন।

মস্কো ও তেহরানের মধ্যকার এই কৌশলগত মিত্রতাকে আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়ে পুতিন বলেন, রাশিয়া যেকোনো পরিস্থিতিতে তার ইরানি বন্ধুদের পাশে থাকবে। মধ্যপ্রাচ্যের এই সংকটময় মুহূর্তে পুতিনের এমন সরাসরি সমর্থন তেহরানের জন্য একটি বড় কূটনৈতিক শক্তি হিসেবে দেখা হচ্ছে।