১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৮:০৯ অপরাহ্ন


মোজতবা খামেনি অযোগ্য নেতা, বেশিদিন টিকবে না: ট্রাম্প
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৯ ১৫:২০:১৮
মোজতবা খামেনি অযোগ্য নেতা, বেশিদিন টিকবে না: ট্রাম্প ছবি: সংগৃহীত


ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়াকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক বার্তায় জানিয়েছেন, ওয়াশিংটনের ‘সবুজ সংকেত’ বা সমর্থন ছাড়া ইরানের কোনো নতুন শাসকের স্থায়িত্ব বেশিদিন টিকবে না। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন যে, ইরানের অভ্যন্তরীণ উত্তরাধিকার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে চায়। বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার খবরকে উপহাস করে ট্রাম্প তাকে ‘অযোগ্য’ নেতা হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্পের দাবি, তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং একটি ‘গ্রহণযোগ্য’ নেতৃত্ব দেখতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘোষণা করেছেন যে, ইরানের সাথে কোনো চুক্তি নয়, বরং কেবল ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ গ্রহণ করা হবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ইরান কোনোভাবেই অভ্যন্তরীণ হস্তক্ষেপ বরদাস্ত করবে না এবং আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। তিনি সাফ জানিয়ে দেন, এবার আর কোনো সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং শেষ পর্যন্ত লড়াই চলবে।

আলী খামেনির মৃত্যুর পর শুরু হওয়া এই সংঘাত এখন কেবল সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা রাজনৈতিক ইগোর লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ এবং অন্যদিকে ইরানের ‘দীর্ঘস্থায়ী প্রতিরোধ’ মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ ও অনিশ্চিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে ইরান তাদের নতুন নেতার অভিষেকের প্রস্তুতি নিচ্ছে, আর হোয়াইট হাউস থেকে আসছে একের পর এক হুঁশিয়ারি।