১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৫১:১১ অপরাহ্ন


৬৬ বছর বয়সে মা হবার গুঞ্জন, যা বললেন অভিনেত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৮ ১৮:৩৬:৫৩
৬৬ বছর বয়সে মা হবার গুঞ্জন, যা বললেন অভিনেত্রী ছবি: সংগৃহীত


বলিউডের প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা সবসময়ই তাঁর স্পষ্টভাষী স্বভাবের জন্য পরিচিত। সম্প্রতি ৬৬ বছর বয়সী এই অভিনেত্রীর ‘মা হতে চলা’র গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছিল নেটদুনিয়া। বিশেষ করে তাঁর মেয়ে মাসাবা গুপ্তা কিছুদিন আগেই মা হয়েছেন, আর এর মধ্যেই খোদ নীনাকে নিয়ে এমন খবরে নেটিজেনদের মাঝে জল্পনার অন্ত ছিল না। অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।

পুরো বিষয়টি হেসেই উড়িয়ে দিয়েছেন নীনা গুপ্তা। রসিকতা করে তিনি বলেন, “বাকি তো শুধু এটাই ছিল—বাস্তব জীবনে ‘বাধাই হো’!” উল্লেখ্য, ২০১৮ সালের জনপ্রিয় সিনেমা ‘বাধাই হো’-তে নীনা এমন এক প্রবীণ মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি শেষ বয়সে এসে গর্ভবতী হয়ে পড়েন।

গুঞ্জনের সূত্রপাত হয়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দান্না ও বিজয় দেবরকোণ্ডার রিসেপশন অনুষ্ঠান থেকে। সেদিন শাড়ি পরিহিত নীনার পেট কিছুটা উঁচু দেখা যাওয়ায় অনেকেই সেটিকে ‘বেবি বাম্প’ ভেবে বসেন। এর ব্যাখ্যায় নীনা বলেন, “আসলে সেদিন শাড়ির কাপড়টা বেশ মোটা ছিল, যার জন্য আমাকে ওরকম দেখাচ্ছিল। আমি গর্ভবতী নই।” তবে এই বয়সেও তাঁকে নিয়ে এমন জল্পনা হওয়ায় কিছুটা আনন্দই পেয়েছেন তিনি। তাঁর মতে, এ ধরনের আলোচনা প্রমাণ করে জাতি হিসেবে মানুষের চিন্তাধারার পরিবর্তন ঘটছে।

নীনা গুপ্তার ব্যক্তিগত জীবন বরাবরই সাহসিকতার গল্পে ঘেরা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কের পর সামাজিক বাধা উপেক্ষা করে একা হাতে মেয়ে মাসাবাকে বড় করেছেন তিনি। বর্তমানে নাতি-নাতনি নিয়ে সুখে থাকলেও এই নতুন গুঞ্জনকে তিনি নিছক একটি ভুল বোঝাবুঝি ও হাস্যকর ঘটনা হিসেবেই দেখছেন।