১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৪২:০২ অপরাহ্ন


বাদশাহকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে পুলিশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৮ ১৭:৩৪:৪০
বাদশাহকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে পুলিশ ছবি: সংগৃহীত


জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশাহ আবারও গুরুতর আইনি জটিলতায় জড়িয়েছেন। তাঁর নতুন হরিয়ানভি মিউজিক ভিডিও ‘টাটিরি’-তে নারী শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং আপত্তিকর দৃশ্য ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে হরিয়ানা পুলিশ। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই শিল্পী, যা শেষ পর্যন্ত আদালত ও পুলিশি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হরিয়ানা পুলিশ বাদশাহকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে এবং যেকোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিতর্কের মূল উৎস হলো গানটির ভিডিওচিত্র, যেখানে স্কুল ইউনিফর্ম পরা মেয়েদের ব্যাগ কাঁধ থেকে নামিয়ে আপত্তিকর ভঙ্গিতে নাচতে দেখা গেছে। অভিযোগকারীদের মতে, এ ধরনের দৃশ্য সমাজে অত্যন্ত নেতিবাচক বার্তা দিচ্ছে। এই ঘটনায় গত শুক্রবার হরিয়ানার পঞ্চকুলা সেক্টর-২০ সাইবার ক্রাইম থানায় অভয় চৌধুরী নামে এক ব্যক্তি প্রথম মামলা দায়ের করেন।

এছাড়া হরিয়ানা মহিলা কমিশনও গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে তীব্র আপত্তি জানিয়ে একে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী বলে অভিহিত করেছে। আইনি জটিলতা এড়াতে ইতোমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিতর্কিত গানটি সরিয়ে নেওয়া হয়েছে। বাদশাহর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬সহ সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে এবং আগামী ১৩ মার্চ সকাল ১১টায় পানিপথের ডিসি অফিসে তাঁকে শুনানির জন্য তলব করা হয়েছে। দেশত্যাগ ঠেকাতে এবং অবস্থান নিশ্চিত করতেই মূলত এই লুকআউট নোটিশ জারি করা হয়েছে।