১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৮:৫৭ অপরাহ্ন


মৃত্যুর খবর মিথ্যা, জানালেন হায়দার হোসেন নিজেই
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৮ ১৫:৩৬:৩৫
মৃত্যুর খবর মিথ্যা, জানালেন হায়দার হোসেন নিজেই ছবি: সংগৃহীত


জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেনের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। আজ রবিবার (৮ মার্চ) সন্ধ্যা থেকে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এমনকি কিছু সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হয়। এমন অনভিপ্রেত ঘটনায় গভীর বিরক্তি প্রকাশ করেছেন এই গুণী শিল্পী।

হায়দার হোসেন জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে অসংখ্য ফোন কলে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে তিনি বলেন, "আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি। মৃত্যু নিয়ে এমন ভুয়া খবর ছড়ানো মোটেও কাম্য নয়।" শিল্পীর এই বক্তব্যের পর তাঁর ভক্ত ও শ্রোতাদের মাঝে তৈরি হওয়া উদ্বেগ ও বিভ্রান্তি দূর হয়।

উল্লেখ্য, এর আগে কয়েকবার স্বাস্থ্যগত কারণে আলোচনায় এসেছিলেন হায়দার হোসেন। ২০২২ সালের জুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর হার্টে একটি স্টেন্ট বসানো হয়েছিল। তারও আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে একইভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁর হৃদ্‌পিণ্ডে দুটি স্টেন্ট বসানো হয়। 'আমি ফাইসা গেছি' এবং '৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি'—এর মতো কালজয়ী গানের স্রষ্টা হায়দার হোসেন বাংলাদেশের ব্যান্ডসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং ভক্তদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।