১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৪:৩৬ অপরাহ্ন


পাচার রোধে ট্যাঙ্কের তেল মেপে প্রবেশ করানো হচ্ছে ভারতীয় ট্র্যাক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৭ ১৮:৫৩:২১
পাচার রোধে ট্যাঙ্কের তেল মেপে প্রবেশ করানো হচ্ছে ভারতীয় ট্র্যাক ছবি: সংগৃহীত


সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৭ মার্চ) সকাল থেকে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলোর জ্বালানি ট্যাংক পরিমাপ করার বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। মূলত দেশের বাজার থেকে ভারতে তেল পাচার হওয়া ঠেকাতেই সীমান্তে এই কড়া নজরদারি বসানো হয়েছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রতিটি ট্রাকের ট্যাংকে কতটুকু জ্বালানি তেল রয়েছে, তা সূক্ষ্মভাবে মেপে নথিভুক্ত করা হচ্ছে। পণ্য খালাস শেষে ট্রাকগুলো যখন পুনরায় ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তখন আবারও তাদের তেলের ট্যাংক পরীক্ষা করা হচ্ছে। এর ফলে বাংলাদেশে আসার সময় যে পরিমাণ তেল ছিল, ফেরার সময় তার চেয়ে বেশি তেল নিয়ে কেউ সীমান্ত পার হতে পারছে না।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, শুধু জ্বালানি ট্যাংক নয়, পুরো ট্রাকে অন্য কোনো উপায়ে তেল পাচার করা হচ্ছে কি না তাও নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে। সোনামসজিদ বন্দরের পাশাপাশি সীমান্তের অন্যান্য পয়েন্টেও বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে যাতে অবৈধভাবে দেশের সম্পদ বাইরে পাচার হতে না পারে।