১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩১:০৭ অপরাহ্ন


ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৭ ১৭:২৯:০৩
ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেছেন। আজ শনিবার (৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি ছিল তাঁর টানা তৃতীয় শনিবারের অফিস।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিনও আজ কার্যালয়ে উপস্থিত থেকে কাজ করেছেন। এ ছাড়া প্রেস সচিব সালেহ শিবলীসহ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও নিজ নিজ দায়িত্ব পালন করেন।

আজ দুপুর ১২টায় কার্যালয়ে আসার পর প্রধানমন্ত্রী পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার ও এর বাজার সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এরপর দুপুর আড়াইটায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের এই বিশেষ বৈঠকে দেশের জ্বালানি খাতে ব্যয় সংকোচন এবং আরও কার্যকর ও সাশ্রয়ী ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দাপ্তরিক কাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ওলামা-মাশায়েখ এবং এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত একটি ইফতার মাহফিলে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সেখানে তাঁর যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।