১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৫:৩৩ অপরাহ্ন


'কিং' নিয়ে দর্শক মাতাতে আসছেন কিং খান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৭ ১৬:১৭:২৫
'কিং' নিয়ে দর্শক মাতাতে আসছেন কিং খান ছবি: সংগৃহীত


বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের জল্পনার শেষ নেই। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন শাহরুখ। ভারতীয় সংবাদমাধ্যম 'বলিউড হাঙ্গামা'র প্রতিবেদন অনুযায়ী, টানা আট রাত ধরে বিজয় দশমী উৎসবের পটভূমিতে এই দৃশ্যটি ধারণ করা হয়েছে।

শুটিং সেটে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল বিসর্জনের এক উন্মাদনাময় পরিবেশ। ঢাকঢোলের শব্দ, রঙের খেলা আর বিশাল শোভাযাত্রার ভিড়ের মধ্যে শত শত জুনিয়র শিল্পীকে নিয়ে এই বিশেষ দৃশ্যটি চিত্রায়িত হয়। এই অ্যাকশন সিক্যুয়েন্সের মূল আকর্ষণ ছিল বাবা-মেয়ের রসায়ন। জানা গেছে, সুহানা খান এখানে বেশ কিছু চ্যালেঞ্জিং স্টান্ট নিজে করেছেন, যা দর্শকদের চমকে দেবে।

‘দ্য আর্চিজ’ দিয়ে ওটিটিতে যাত্রা শুরু করলেও, এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানা খানের। তারকাবহুল এই ছবিতে শাহরুখ ও সুহানা ছাড়াও থাকছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং আরশাদ ওয়ার্সির মতো তারকারা।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। বড় পর্দায় শাহরুখের রাজকীয় প্রত্যাবর্তন এবং সুহানার নতুন শুরুর সাক্ষী হতে এখন থেকেই প্রহর গুনছেন দর্শকরা।