১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:০৪:২৯ অপরাহ্ন


আত্মহত্যার আগে ইকরার মাদক সেবন নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৭ ১৫:৫৪:১৬
আত্মহত্যার আগে ইকরার মাদক সেবন নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর ছবি: সংগৃহীত


স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও বিস্ফোরক পোস্ট দিয়েছেন ছোট পর্দার আলোচিত অভিনেতা জাহের আলভী। শুক্রবার (৬ মার্চ) রাতে দেওয়া এই পোস্টটিকে নিজের ‘শেষ পোস্ট’ উল্লেখ করে তিনি দাবি করেছেন, স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। একই সঙ্গে তিনি প্রয়াত স্ত্রীর অতীত ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু সংবেদনশীল তথ্য সামনে এনেছেন।

আলভী তার স্ট্যাটাসে বাসার সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর বন্ধুদের গতিবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি অনুযায়ী, গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইকরার বন্ধু-বান্ধবীরা তাদের বাসায় এসে গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়েছেন এবং সেখানে মাদক সেবনের ঘটনাও ঘটেছে। এমনকি মৃত্যুর আগের দিন ইকরা তার সহকারীর মাধ্যমে ঘুমের ওষুধ আনিয়েছিলেন, যা সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে বলে তিনি উল্লেখ করেন। এই ফুটেজগুলো যেন নষ্ট না করা হয়, সে ব্যাপারে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ অস্বীকার করে আলভী পাল্টা প্রশ্ন তুলেছেন ইকরার অতীত ও তার এক সহপাঠীর সাথে সম্পর্ক নিয়ে। তিনি দাবি করেন, অতীতে ইকরার পরিবার তাকে না জানিয়েই অন্যত্র বিয়ে দিয়েছিল এবং ইকরা সেখানে সংসারও করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে ফিরে এলে আলভী তাকে ক্ষমা করে মেনে নেন। আলভীর ভাষ্যমতে, তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকা সত্ত্বেও এখন তাকে অপরাধী বানানোর চেষ্টা চলছে।

স্ট্যাটাসের শেষ দিকে আলভী গভীর শঙ্কা প্রকাশ করে জানান, ওপর মহলের চাপ এবং চারপাশের মানুষের অসহযোগিতার কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে ঘটনার সঠিক তদন্তের আকুতি জানিয়েছেন তিনি। সবশেষে সবার কাছে ক্ষমা চেয়ে এক আবেগঘন পরিস্থিতির মধ্য দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।