১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:২৬:৪৪ পূর্বাহ্ন


ব্রেন টিউমা্রে আক্রান্ত এবং অস্ত্রোপচারের অভিজ্ঞতা জানালেন তানিয়া বৃষ্টি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৫ ১৬:১৮:৪০
ব্রেন টিউমা্রে আক্রান্ত এবং অস্ত্রোপচারের অভিজ্ঞতা জানালেন তানিয়া বৃষ্টি ছবি: সংগৃহীত


ব্রেন টিউমার শনাক্ত হওয়া এবং সফল অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসে নিজের শারীরিক অবস্থার আপডেট দিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি ভক্তদের জানান যে, বর্তমানে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসকের পরামর্শে বাসায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন। টিউমার ধরা পড়ার পর থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়ালেও লাইভে এসে তিনি সেসব বিভ্রান্তি দূর করেন।

তানিয়া বৃষ্টি জানান, মাথার এক পাশে টিউমার শনাক্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত এ ধরনের জটিল অস্ত্রোপচারে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগলেও তাঁর ক্ষেত্রে মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই তা সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার পরবর্তী অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, জ্ঞান ফেরার পর প্রথমেই তিনি তাঁর মাকে খুঁজেছিলেন এবং চিকিৎসকদের জানিয়েছিলেন যে তিনি ভালো বোধ করছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন তিনি নিজের বাড়িতেই রিকভারি পর্যায়ে আছেন।

অসুস্থতা নিয়ে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও গুজবের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তানিয়া বলেন, "অনেকে জিজ্ঞাসা না করেই সংবাদ প্রচার করেছেন যে আমি মারা গেছি কিংবা কোমায় আছি। এসব কারণেই আমি নিজে থেকে চুপ ছিলাম।" তিনি আরও জানান, নিয়মিত কড়া ওষুধ সেবনের কারণে তাঁর শরীরের ওজন কিছুটা বেড়েছে। তবে দ্রুত সুস্থ হয়ে জিমে ফিরে নিজের ফিটনেস পুনরুদ্ধারের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আসন্ন ঈদে তাঁর অভিনীত কিছু নাটক প্রচার হবে বলেও ভক্তদের আশ্বস্ত করেন এই অভিনেত্রী।

বর্তমান রমজান মাস ও ইবাদত প্রসঙ্গে ভক্তদের প্রশ্নের জবাবে তানিয়া বৃষ্টি জানান, অস্ত্রোপচারের পর সুস্থতার জন্য তাঁকে প্রতিদিন তিন বেলা নিয়ম করে অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে। ফলে চিকিৎসকের কড়া নির্দেশ মেনে এ বছর তিনি রোজা রাখতে পারছেন না। তবে নিয়মিত নামাজ আদায়ের চেষ্টা করছেন এবং বাসায় তাহাজ্জুদ নামাজও পড়ছেন। এই কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসা তাঁকে মানসিকভাবে অনেক সাহস জুগিয়েছে উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।