১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪২:২০ অপরাহ্ন


ফেসবুক থেকেই হাসনাত আব্দুল্লাহর মাসিক ইনকাম ৪ লাখ টাকার বেশি!
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৪ ১৮:০৩:১৯
ফেসবুক থেকেই হাসনাত আব্দুল্লাহর মাসিক ইনকাম ৪ লাখ টাকার বেশি!


ব্যক্তিগত আয়ের উৎস নিয়ে রাখঢাক না করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে বিজয়ী সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অর্জিত আয়ের একটি স্বচ্ছ হিসাব প্রদান করেছেন। বর্তমানে প্রায় ৪৯ লাখ (৪.৯ মিলিয়ন) অনুসারী থাকা এই পেজটি থেকে হাসনাত আব্দুল্লাহ মাসে কয়েক লাখ টাকা আয় করছেন।

হাসনাত আব্দুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, গত এক মাসে তার ফেসবুক পেজ থেকে আয় হয়েছে ৩ হাজার ৩৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকার সমান। তিনি জানান, তার পেজের কন্টেন্টগুলো যদি একইভাবে জনপ্রিয়তা পায়, তবে মাসে গড়ে ৪ লাখ টাকার বেশি আয় করা সম্ভব। সে হিসেবে বছর শেষে এই আয় দাঁড়াতে পারে প্রায় ৪৫ লাখ টাকার কাছাকাছি।

কেবল মাসিক আয়ই নয়, নির্দিষ্ট কন্টেন্টের ভিউ অনুযায়ী আয়ের পরিমাণও তুলে ধরেন তিনি। হাসনাত জানান, তার একটি ভিডিও ১ কোটি ৭০ লাখ (১৭ মিলিয়ন) বার দেখা হয়েছে, যেখান থেকে আয় হয়েছে মাত্র ৪০ ডলার। অন্যদিকে, গত ৩ মার্চ নাহিদ ইসলাম ও সারজিস আলমের সাথে দেওয়া একটি ছবির পোস্ট থেকে তার আয় হয়েছে ৩৩০ ডলার। এছাড়া গত দুই দিনে তার পেজ থেকে অতিরিক্ত ১২০ ডলার আয় হয়েছে।

সাধারণত রাজনীতিবিদেরা তাদের আয়ের উৎস গোপন রাখতে পছন্দ করলেও, হাসনাত আব্দুল্লাহর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তার সমর্থক ও নেটিজেনরা। তারা মনে করছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে শক্তিশালী অবস্থান থাকা একজন জনপ্রতিনিধি হিসেবে আয়ের তথ্য প্রকাশ করা নতুন প্রজন্মের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি বড় উদাহরণ। উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর থেকে তার ফেসবুক পেজের রিচ ও এনগেজমেন্ট ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় আয়ের এই নতুন সুযোগ তৈরি হয়েছে।