১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৮:৫৩ অপরাহ্ন


২ মার্চ থেকে ঢাকা-রিয়াদগামী ফ্লাইট চালু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০১ ১৬:৩৪:৩৪
২ মার্চ থেকে ঢাকা-রিয়াদগামী ফ্লাইট চালু ছবিঃ সংগৃহীত


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে স্থগিত হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদগামী বিশেষ ফ্লাইট বিজি ৩৩৯ পুনরায় চালু হচ্ছে। আগামীকাল সোমবার (২ মার্চ) দুপুর ১টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে যাত্রা করবে। আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে ফ্লাইটটি রিয়াদের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু সে সময়কার যুদ্ধ পরিস্থিতি এবং উদ্ভূত কারিগরি ও অপারেশনাল জটিলতার কারণে শেষ মুহূর্তে ফ্লাইটটি স্থগিত করতে বাধ্য হয় বিমান কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছিলেন কয়েক শ প্রবাসী যাত্রী। তবে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া ওই ফ্লাইটের যাত্রীদেরই অগ্রাধিকার ভিত্তিতে আগামীকালের বিশেষ ফ্লাইটে আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে যেন তাঁরা যাত্রা শুরুর অন্তত ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হন। মূলত চেক-ইনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতেই যাত্রীদের এই আগাম উপস্থিতির নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, দোহা, দুবাই এবং আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের অন্যান্য সকল গন্তব্যে বিমানের ফ্লাইটগুলো এখন থেকে নির্ধারিত সূচি অনুযায়ীই পরিচালিত হবে বলে আজ পুনরায় নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ। অনিশ্চয়তা কাটিয়ে ফের আকাশপথ সচল হওয়ায় স্বস্তি ফিরেছে অপেক্ষমাণ যাত্রী ও তাঁদের পরিবারের মাঝে।