১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৪২:১০ অপরাহ্ন


যেদিন থেকে মিলবে ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০২-২৫ ১৭:৪২:০৪
যেদিন থেকে মিলবে ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করতে আগাম প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। একইভাবে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৩ মার্চ বিক্রি করা হবে ১৩ মার্চের যাত্রার টিকিট। এরপর ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং শেষ দিন ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের অগ্রিম টিকিট।

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার জন্য ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওই দিন পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। পর্যায়ক্রমে ১৪ মার্চ ২৪ মার্চের, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি করা হবে ২৯ মার্চের ফিরতি টিকিট।

যাত্রীচাপ সামাল দিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি এবার বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে পাঁচ জোড়া বিশেষ ট্রেন। বাংলাদেশ রেলওয়ে আশা করছে, এই বিশেষ ট্রেন সার্ভিসের ফলে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।