১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৫১:০৭ অপরাহ্ন


গ্রেফতারের একদিনের মাথায় জামিন পেলেন গায়ক নোবেল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০২-২৪ ১৭:২৬:৪৪
গ্রেফতারের একদিনের মাথায় জামিন পেলেন গায়ক নোবেল নোবেল


বিয়ের প্রলোভনে ১৩ লাখ টাকা আত্মসাৎ এবং শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় বহুল আলোচিত ও বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে আদালত জামিন প্রদান করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার পর তাকে আদালতে তোলা হলে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২০২৫ সালের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক নারী নোবেলের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, দুই পরিবারের সম্মতিতে নোবেলের সাথে ভুক্তভোগী নারীর বাগদান সম্পন্ন হয়েছিল। তবে সম্পর্কের এক পর্যায়ে মেয়েটি ডেমরায় নোবেলের বাসায় দেখা করতে গেলে তাকে স্টুডিওতে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালান এই গায়ক। এতে অসম্মতি জানালে তাকে শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয় এবং তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখা হয় বলে অভিযোগ আনা হয়েছে। শুধু তাই নয়, বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে ১৩ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করেছেন নোবেল।

উল্লেখ্য যে, মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আইনি জটিলতা এবারই প্রথম নয়। এর আগেও ২০২৫ সালের ১৯ মে ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় কারাগারে থাকাবস্থায় মামলার বাদীকে বিয়ে করার শর্তে পাঁচ দিন পর জামিন পেয়েছিলেন তিনি। একের পর এক এমন বিতর্কিত কর্মকাণ্ড ও আইনি ঝামেলায় জড়িয়ে পড়ায় সংগীত অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আবারো সমালোচনার ঝড় বইছে।