১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৯:১১ অপরাহ্ন


কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
এসজি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০২-২৩ ১৬:৪৩:২৮
কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল


বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি ধারণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আলোচিত-বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, জনৈক এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নোবেল তার নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন। সেখানে অবস্থানকালে ওই তরুণীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার পাশাপাশি জোরপূর্বক তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী তরুণী গত ২০২৫ সালের ১৩ আগস্ট আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটির অধিকতর তদন্তের ভার প্রদান করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পিবিআই-এর এসআই নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওই দিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ মোট চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আসামিদের দ্রুত আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার জন্য ডেমরা থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন নোবেলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত নোবেল বর্তমানে ডেমরা থানা হাজতে রয়েছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুততম সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে।