সম্প্রতি ঢাকায় আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এ জুলাই গণ-অভ্যুত্থানের পর অপরাধীদের বিচার নিশ্চিতকরণ এবং জাতীয় সংহতির প্রেক্ষাপটে ‘রিকনসিলিয়েশন’ বা পুনর্মিলন বিষয়টি নতুন করে ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছে। এই নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা মতামত প্রকাশের মাঝেই বিষয়টি নিয়ে নিজস্ব ভঙ্গিতে কথা বলেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ‘রিকনসিলিয়েশন’ ও ‘প্রজাতন্ত্র’ শব্দ দুটির বহুল ব্যবহৃত বাংলা প্রতিশব্দ নিয়ে নিজের স্বভাবসুলভ কৌতুক ও তির্যক মন্তব্য প্রকাশ করেন তিনি।
পোস্টে ফারুকী লেখেন, "বিরিয়ানিতে কিসমিস, সিঙারায় বাদাম এবং রিকনসিলিয়েশনের বাংলা পুনর্মিলন—এ তিনটা জিনিস যারা আবিষ্কার করছে তারা নিশ্চিত দোজখে যাবে। ও অলসো, ‘রিপাবলিকে’র বাংলা যে ‘প্রজাতন্ত্র’ করছে সেও দোজখে যাবে।"
উল্লেখ্য, ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এ অংশ নেওয়া বিশিষ্ট বক্তারা বলেন, অপরাধের যথাযথ বিচার যেমন প্রয়োজন, তেমনই সামাজিক বিভাজন কাটিয়ে উঠে রাষ্ট্রীয় শৃঙ্খলা ফেরাতে ‘রিকনসিলিয়েশন’ প্রয়োজন। তবে যৌথ তদন্ত, ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং অপরাধীদের প্রকৃত অনুশোচনা ও শাস্তি প্রদান নিশ্চিত করা ছাড়া কেবল ‘পুনর্মিলন’ বা রাজনৈতিক সমঝোতা সম্ভব নয় বলে মনে করেন আন্তর্জাতিক ও স্থানীয় বিশ্লেষকেরা। ফারুকীর এই রসাত্মক পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক বিনোদন জোগানোর পাশাপাশি নেটিজেনদের আলোচনার জন্ম দিয়েছে।