দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বাণিজ্যিক বক্স অফিসে অবিশ্বাস্য এক বাণিজ্যিক সাফল্যের মধ্য দিয়ে যাচ্ছেন বর্তমান তরুণ সেনসেশন ও অভিনেত্রী মামিথা বাইজু। মালয়ালম ও তামিল—দুই ভাষার ইন্ডাস্ট্রিতেই একের পর এক মেগা-হিট সিনেমা উপহার দিয়ে বক্স অফিসে নিজের একক আধিপত্য প্রতিষ্ঠা করেছেন তিনি। বিশ্বব্যাপী বক্স অফিসে তাঁর অভিনীত সাম্প্রতিক সিনেমাগুলোর সম্মিলিত আয় ছাড়িয়ে গেছে চোখধাঁধানো ১,০০০ কোটি রুপি।
দক্ষিণ ভারতীয় বিনোদন মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে মামিথা অভিনীত পরপর তিনটি চলচ্চিত্র বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি আয়ের মাইলফলক স্পর্শ করেছে।
একই ক্যালেন্ডার বর্ষে ২০০ কোটি রুপি আয়ের তিনটি চলচ্চিত্র উপহার দেওয়ার এই অনন্য নজির গড়ে ভারতীয় চলচ্চিত্রে দীপিকা পাডুকোন ও আলিয়া ভাটের পর তৃতীয় অভিনেত্রী হিসেবে এলিট ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।
এর আগে মামিথার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ‘প্রেমালু’ বিশ্বব্যাপী প্রায় ১৩০ কোটি এবং প্রদীপ রঙ্গনাথনের সঙ্গে তামিল ব্লকবাস্টার ‘ডুড’ প্রায় ১১৫ কোটি রুপি আয় করে বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছিল। কেরালা ফিল্ম ইন্ডাস্ট্রির ছোট পর্দার জনপ্রিয় চেনা মুখ থেকে শুরু করে বহুজাতিক তামিল প্যান-ইন্ডিয়ান বিগ বাজেট প্রজেক্ট—সর্বত্রই নিজের মনকাড়া স্ক্রিন প্র্রেজেন্স ও অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন এই তারকা।
একদিকে আঞ্চলিক মালয়ালম সিনেমার স্বাভাবিক ও সাবলীল অভিনয়, অন্যদিকে তামিল কমার্শিয়াল সিনেমার বিশাল পরিসরে ধারাবাহিক বাণিজ্যিক সাফল্য—একাধিক অঞ্চলে দর্শকদের কাছে মামিথার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছে। ফলে ২০২৬ সালে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বাণিজ্যিক সফল ও চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে একবাক্যে উঠে এসেছে তাঁর নাম।