২০২৬ এশিয়ান গেমস নারী ক্রিকেটের হাইভোল্টেজ সেমিফাইনালে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ভারতের দেওয়া ১৯৬ রানের বিশাল পাহাড়সম জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ রান তোলার আগেই প্রথম সারির ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। উদ্বোধনী ব্যাটার শেফালি বর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারতীয় নারীরা। ম্যাচের শেষ বলে বাংলাদেশের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বল থেকে ১ রান নিয়ে নিজের দুর্দান্ত শতক পূর্ণ করেন শেফালি। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি; পাশাপাশি এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ইতিহাসেও প্রথম শতকের নতুন রেকর্ড।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তোলেন অন্য ওপেনার স্মৃতি মান্ধানা। মাত্র ১৯ বলে ৩৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে নাহিদা আক্তারের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। এই ঝোড়ো ইনিংস খেলার পথেই মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৪,৭৫৮ রান সংগ্রাহক হওয়ার অনন্য গৌরব অর্জন করেন মান্ধানা; পেছনে ফেলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বেটসকে। এছাড়া দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর খেলেন গুরুত্বপূর্ণ ৪০ রানের ইনিংস।
১৯৬ রানের জয়ের বিশাল পাহাড় টপকাতে নেমে শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার দ্রুই সাজঘরে ফেরেন। এরপর চাপ সামলাতে গিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ৯ বলে মাত্র ৯ রান করে শ্রী চরণীর বলে আউট হন।
দলের পক্ষে একপ্রান্ত আগলে রেখে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দিলারা আক্তার ২৭ রান করে দীপ্তি শর্মার শিকার হলে বাংলাদেশের জয়ের আশা পুরোপুরি অনিশ্চয়তায় পড়ে। ফলে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে এখন টুর্নামেন্ট থেকে বিদায়ের চরম প্রান্তে দাঁড়িয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।