আবারও ঢাকার মঞ্চে গাইতে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়া


বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 15-09-2026

আবারও ঢাকার মঞ্চে গাইতে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়া
আয়োজন করছে ‘ইমেকার্স বাংলাদেশ’; মিডিয়া পার্টনার ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল স্টার নিউজ

     ‘বিলিওনেরা’ (Bilionera) গান দিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া আবারও ঢাকায় আসছেন কনসার্টে গাইতে। দীর্ঘ বিরতির পর বাংলাদেশি শ্রোতা-দর্শকদের গান শোনাতে তাঁর এই ঢাকায় আসার খবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সম্প্রতি নিজের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে কনসার্টের অফিশিয়াল পোস্টার প্রকাশ করে এক স্ট্যাটাসে ওটিলিয়া লেখেন, "ঢাকায় আপনারা কি তৈরি? আপনাদের দারুণ উন্মাদনাকে খুব মিস করেছি! আবারও আপনাদের সামনে গাইতে আমন্ত্রণ পেয়ে সত্যি অনেক আনন্দিত। সবার সাথে দেখা করতে এবং একসঙ্গে কিছু অবিশ্বাস্য স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা সইছে না!"

আন্তর্জাতিক মানের এই একক সলো কনসার্টটির আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ইমেকার্স বাংলাদেশ’ (eMakers Bangladesh)। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কনসার্টটির নামকরণ করা হয়েছে ‘ওটিলিয়া রিটার্নস: ওটিলিয়া বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ (Otilia Returns: Bilionera Live in Dhaka)। আগামী ২৭ নভেম্বর ঢাকার নির্ধারিত ভেন্যুতে আন্তর্জাতিক এই কনসার্টটি অনুষ্ঠিত হবে।

ইমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইম আশরাফ নতুন এই আয়োজন প্রসঙ্গে বলেন, "ইমেকার্স বাংলাদেশ সবসময়ই দর্শকদের এমন কিছু অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করে, যা শুধু একটি বিনোদন নয়, বরং আজীবনের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে। এর আগে আমরা অরিজিৎ সিং, নেহা কক্কর এবং নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্টের মতো বৃহৎ আন্তর্জাতিক আয়োজন সফলভাবে সম্পন্ন করেছি। সেই ধারাবাহিকতায় ‘Otilia Returns Bilionera Live in Dhaka’ হতে যাচ্ছে আমাদের নতুন সিগনেচার ইভেন্ট।"

তিনি আরও যোগ করেন, "আমরা চাই বাংলাদেশের দর্শকরা স্বদেশে বসেই আন্তর্জাতিক মানের বিনোদনের আসল স্বাদ পান। আশা করছি, ওটিলিয়ার এই পারফর্ম্যান্সও দর্শকদের হৃদয়ে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।"

আন্তর্জাতিক এই কনসার্টটির অফিশিয়াল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দেশের ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘স্টার নিউজ’। এছাড়া ইভেন্টটির টাইটেল স্পন্সর হিসেবে ‘আপন জুয়েলার্স’ এবং স্পন্সরশিপ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘ফেন্সি’।

এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো ঢাকায় এসে গান গেয়ে বাংলাদেশি সংগীতপ্রেমীদের মাতিয়েছিলেন ওটিলিয়া। আবারও এই পপ তারকার ঢাকায় আসার আনুষ্ঠানিক তথ্যে নেটপাড়ায় সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উন্মাদনা দেখা যাচ্ছে। খুব শিগগিরই কনসার্টের নির্দিষ্ট ভেন্যু, টিকিট বিক্রির ক্যাটাগরি ও মূল্য বিস্তারিতভাবে আয়োজক প্রতিষ্ঠানের পেজে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com