সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপক পরিচিতি অর্জনের পর নতুন পরিচয় নিয়ে হিন্দি সিনেমার জগতে পা রাখলেন ডিজিটাল তারকা নীহারিকা এনএম (Niharika NM)। সম্প্রতি মুক্তি পাওয়া নিজের প্রথম বলিউড চলচ্চিত্র ‘ভাই তেরা স্টার হ্যায়’ (Bhai Tera Star Hai)-এর মাধ্যমে বড় পর্দায় নতুন যাত্রা শুরু করেছেন তিনি। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রাঘব জুয়াল। তবে বলিউডে এই রাজকীয় অভিষেকের পেছনে লুকিয়ে রয়েছে বর্ণবৈষম্য, জটিল চুক্তি ও নীতি ধরে রাখার চরম এক সংগ্রাম।
ছবিটি মুক্তির প্রাক্কালে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অভিনয় জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে নীহারিকা জানান, অভিনয় জীবনের শুরুতে একটি বড় প্রজেক্টের চুক্তি স্বাক্ষর করার পরও অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নিজের আপসহীন অবস্থানের কারণে বাদ পড়তে হয়েছিল তাঁকে।
ঘটনার বর্ণনা দিয়ে নীহারিকা বলেন, এক খ্যাতনামা পরিচালক তাঁকে একটি সিনেমার জন্য চূড়ান্ত করেন। অডিশন ও লুক টেস্ট সফল হওয়ার পর চুক্তিপত্র সই হলেও বিপত্তি বাঁধে স্ক্রিপ্টের একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে। শুরুতেই প্রযোজক ও পরিচালককে নিজের সীমার কথা জানিয়ে নীহারিকা বলেছিলেন, "পর্দায় কোনো ধরনের অন্তরঙ্গ দৃশ্য করতে আমার চরম অস্বস্তি হয়, আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করি না।"
নির্মাতারা প্রথমে বডি ডাবল (Body Double) ব্যবহারে সম্মত হলেও ছবির মূল নায়ক বডি ডাবলের সাথে শুটিং করতে রাজি হননি। ফলে নীহারিকার সামনে দুটিই পথ খোলা ছিল—নিজের ব্যক্তিগত নীতি ভেঙে দৃশ্যে অভিনয় করা অথবা সিনেমা ছেড়ে দেওয়া। অবশেষে নিজের আত্মসম্মান ও স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে সেই ছবি থেকে সরে দাঁড়ান নীহারিকা।
নিজের এই অটল সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই জানিয়ে এই অভিনেত্রী বলেন, "কোনো দৃশ্যে অভিনয় করবেন কি করবেন না, সেটি সম্পূর্ণভাবে একজন শিল্পীর ব্যক্তিগত সীমানার বিষয়। প্রতিটি ইন্ডাস্ট্রির উচিত শিল্পীর সেই সিদ্ধান্তকে সম্মান জানানো।"
বলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নীহারিকা আরও জানান, হিন্দি চলচ্চিত্র শিল্পে এখনো অভিনেত্রীদের গায়ের রং, শারীরিক গঠন ও বাহ্যিক সৌন্দর্য নিয়ে এক ধরনের অহেতুক ও গণ্ডিবদ্ধ মানসিকতা কাজ করে। একই সাথে মুম্বাইয়ে কেরিয়ারের শুরুতে প্রখ্যাত তামিল পরিচালক কার্তিক সুব্বারাজের প্রযোজনা সংস্থার সাথে ৩ বছরের একচেটিয়া চুক্তিতে আবদ্ধ থাকার কারণে বেশ কিছু হিট সিনেমার প্রস্তাব হাতছাড়া করতে হয়েছিল তাঁকে।
সেই কঠিন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই নিজ যোগ্যতায় বহুমুখী ক্যারিয়ার গড়ে তোলেন নীহারিকা। ২০২৩ সালে বিখ্যাত মার্কিন অ্যানিমেটেড সিরিজ ‘বিগ মাউথ’-এ কণ্ঠ দেওয়ার পর তামিল হিট ছবি ‘পেরুসু’, ‘মিত্রা মণ্ডলী’ ও ‘ইধয়ম মুরলি’-তে অভিনয় করে নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। সব প্রতিকূলতা পেরিয়ে এবার বলিউডের প্রধান চরিত্রে আত্মপ্রকাশের মধ্য দিয়ে নিজের শক্ত অবস্থান জানান দিলেন নীহারিকা এনএম।