বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কারিনার কটাক্ষ!


বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 12-09-2026

বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কারিনার কটাক্ষ!
ভাই রণবীরের ‘অ্যানিম্যাল’-এর হিংসাত্মক ট্রেন্ড অন্ধ অনুকরণের তীব্র সমালোচনা; ‘দায়রা’ মুক্তির আগে বিস্ফোরক বেবো

         দীর্ঘ ক্যারিয়ারে নতুন করে নিজের জাত চেনানো বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের সময়টা এখন দারুণ কাটছে। বিগত বছরে পর পর কয়েকটি ভিন্নধর্মী ও শক্তিশালী চরিত্রে অভিনয় করে দর্শকমহল এবং সিনেসমালোচকদের বিপুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। নিজের আসন্ন ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দায়রা’র বহুল প্রতীক্ষিত মুক্তির আগে ছবির প্রচারণায় এসে এবার বলিপাড়ার প্রচলিত ধারা ও সহিংস ট্রেন্ড নিয়ে চরম বিস্ফোরক মন্তব্য করেছেন এই তারকা।

আগামী ১৮ সেপ্টেম্বর সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির প্রচারে অংশ নিয়ে ভাই রণবীর কাপুরের বক্স অফিস কাঁপানো সিনেমা ‘অ্যানিম্যাল’-এর উদাহরণ টেনে গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে ‘ভেড়ার পালের’ সাথে তুলনা করেছেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ‘আলফা মেল’ ও অতিরিক্ত অ্যাকশন নির্ভর ট্রেন্ড প্রবলভাবে চেপে বসেছে হিন্দি সিনেদুনিয়ায়। শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’, সানি দেওলের ‘গদর ২’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর মতো রক্তক্ষয়ী অ্যাকশন সিনেমাগুলো বক্স অফিসে বিপুল ব্যবসা সফল হয়। পরবর্তীতে ‘ধুরন্ধর’, ‘টক্সিক’ ও শাহিদ কাপুরের ‘রোমিও’ ছবির মতো একের পর এক মারকাটারি অ্যাকশন সিনেমা সেই ধারাবাহিকতা বহাল রাখে।

পর্দায় অতিরিক্ত হিংসা ও রক্তক্ষয়ী দৃশ্য দেখানোর এই হিড়িক নিয়ে প্রশ্ন উঠলে মুখ খোলেন কারিনা। তিনি বলেন, "আমরা যতটা ভাবি, দর্শক তার থেকেও অনেক বেশি বুদ্ধিমান। কোনো সিনেমা মানসম্পন্ন হলে তারা ঠিকই দেখতে চান। বিষয়টি আর কেবল প্রথাগত রোমান্টিক গল্পের মধ্যে সীমাবদ্ধ নেই। তবে বর্তমানে পর্দায় হিংসার এক অনাবশ্যক রমরমা শুরু হয়েছে।"

ইন্ডাস্ট্রির অন্ধ অনুকরণ প্রবণতা নিয়ে কড়া সমালোচনা করে কারিনা আরও বলেন, "‘অ্যানিম্যাল’ ছবি হিট করেছে বলেই সবাই মিলে এখন হিংসা ও বিদ্বেষমূলক সিনেমা বানানো শুরু করেছেন! এসব কনটেন্ট ইতোমধ্যে পুরোনো ও সেকেলে হয়ে গিয়েছে। আসলে আমাদের বলিপাড়ার মানুষের মধ্যে ‘ভেড়ার পালের মতো অন্ধ অনুকরণে’র এক অদ্ভুত প্রবণতা কাজ করে। এটা ছাড়া আর কী-ই বা বলব?"

তবে সব পরিচালকের ওপর ঢালাও দোষ না চাপিয়ে বেবো জানান, কিছু স্বাতন্ত্র্যসূচক পরিচালক এখনও রয়েছেন যারা নতুন চিন্তার খোরাক জোগান। দর্শকদের মনস্তত্ত্ব বদলেছে উল্লেখ করে তিনি বলেন, এখন ট্রেলার দেখেই মানুষ হলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাই নির্দিষ্ট কোনো বাঁধা-ধরা ফর্মুলা দিয়ে আর দর্শক টানা সম্ভব নয়।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com