বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


জাতীয় ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 12-09-2026

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশীয় প্রযুক্তিকে বাজারজাতকরণের আহ্বান; তিন দিনব্যাপী প্রদর্শনীতে হাজারের বেশি নতুন উদ্ভাবন

       দেশীয় মেধা ও উদ্ভাবনকে গবেষণাগারের গণ্ডি থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং সরাসরি বৈশ্বিক ও স্থানীয় বাজারের সাথে যুক্ত করার শক্ত আহ্বান জানিয়ে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে (Novo theatre) ‘ইনোভেট টু মার্কেট’ (Innovate to Market) প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এই মেগা প্রদর্শনীর শুভ সূচনা করেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় দেশের সম্ভাবনাময় উদ্ভাবক ও উদ্ভাবনী সংস্থাগুলোর সাথে নীতি নির্ধারক, উদ্যোক্তা, দেশি-বিদেশি বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের একটি স্থায়ী ও টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল ও জাতীয় পর্যায়ে বহু নতুন সম্ভাবনা ও প্রযুক্তি তৈরি হলেও প্রয়োজনীয় নীতি সহায়তা, প্রাথমিক তহবিল (সিড ফান্ডিং) ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে তা বাণিজ্যিক রূপ পায় না। প্রশাসনিক ও আর্থিক এসব জটিলতা দূর করে মেধাস্বত্ব (আইপি) সংরক্ষণ ও প্রযুক্তির বাজারজাতকরণ সহজ করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

এবারের তিন দিনব্যাপী প্রদর্শনীতে সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, দেশের ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বাধীন গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ ১৪টি বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।

আয়োজকরা জানান, প্রদর্শনীর দ্বিতীয় দিন রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা খাত নিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এক বিশেষ আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রান্তিক জনগণের দোরগোড়ায় কম খরচে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেয়ার প্রযুক্তি নিয়ে আলোচনা করা হবে। সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

উল্লেখ্য, এই মেলায় কৌশলগত নীতি অংশীদার হিসেবে যুক্ত রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি), ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) এবং কারিগরি অংশীদার হিসেবে সহায়তায় রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। মেলাটি আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থী ও উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত থাকবে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com