ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে চরম অসভ্যতা ও হেনস্থার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এমনকি সঙ্গে থাকা ছোট শিশুর আকুতি জানানো সত্ত্বেও ক্ষান্ত হয়নি আক্রমণকারীরা; বরং তেড়ে এসে গায়ে হাত তোলা ও কটূক্তি করার মতো ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন বাঁধন নিজেই। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইতালি শাখার নেতা হাওলাদার মনিরুল ও তাঁর সঙ্গীরা বাঁধনকে ঘিরে ধরে 'দেশদ্রোহী' ও 'জুলাই জঙ্গি' আখ্যা দিয়ে হেনস্থা করছেন। ভিডিওতে তাদের বলতে শোনা যায়, "কীসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে" এবং অন্য সঙ্গীদের বাঁধনের দিকে ডিম ছুড়ে মারার উসকানি দিতে দেখা যায়।
জানা যায়, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে নিজের ভাই ও ভাইয়ের পরিবারের সাথে বর্তমানে ইতালির ভেনিসে অবস্থান করছেন বাঁধন। ইতালির একটি পার্কে ঘুরে বেড়ানোর সময় এ হেনস্থার শিকার হন তিনি।
উল্লেখ্য, বিশ্বচলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় সময় গত ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সিনেমাটির প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল এবং আজমেরী হক বাঁধন।