ভাইরাল সংলাপ ‘পাওরি হো রাহি হ্যায়’-এর মাধ্যমে বিশ্বজুড়ে ‘পাওরি গার্ল’ হিসেবে খ্যাতি পাওয়া পাকিস্তানি অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দানানির মোবিন আবারও নেটপাড়ায় তোলপাড় সৃষ্টি করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন টেলিভিশন নাটক ‘হুরমত’-এর টিজার। এক মিনিটেরও কম সময়ের এই টিজারটিতেই নিজের অভিনয় দক্ষতা ও গল্পের টানটান উত্তেজনায় দর্শকদের নজর কেড়েছেন তিনি।
নাটকটিতে কেন্দ্রীয় চরিত্র ‘হুরমত’-এর ভূমিকাতেই পর্দায় হাজির হচ্ছেন দানানির মোবিন। টিজারে দেখা যায়, হুরমত এমন এক তরুণী, যে নিজের পরিবারেই এক কঠিন বন্দিদশার মধ্যে দিন কাটাচ্ছে। তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপে বাবা কড়া নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছেন। এমনকি বিশ্ববিদ্যালয় স্তরে গিয়ে পড়াশোনা করার অধিকার থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে।
টিজারের একটি আবেগঘন দৃশ্যে বাড়ির ভেতরের আঙিনা থেকে জীবনের প্রথমবারের মতো আকাশের দিকে তাকাতে দেখা যায় হুরমতকে। চারপাশের সব নিষেধাজ্ঞা ও সামাজিক বাধার দেয়াল ডিঙিয়ে বন্দিদশা থেকে মুক্তির লড়াই এবং নিজের স্বকীয়তা খুঁজে নেওয়ার এক ইঙ্গিত ফুটে উঠেছে এতে।
সামাজিক বার্তাভিত্তিক নাটক তৈরির জন্য পরিচিত নাট্যকার কাশিফ আনোয়ারের লেখায় নির্মিত হয়েছে 'হুরমত'। তাঁর অন্যান্য কাজের মতো এ নাটকেও কেবল নারীর ব্যক্তিগত স্বাধীনতার গল্পই নয়, বরং সমাজের গভীরে লুকিয়ে থাকা বৈষম্য ও গুরুত্বপূর্ণ নানা দিক উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
মোমিনা দুরাইদের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন নাদিম সিদ্দিক। তবে পাকিস্তানের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘হিউম টিভি’-তে ড্রামাটি কবে থেকে অন-এয়ার হবে, সে সংক্রান্ত চূড়ান্ত তারিখ এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ২০২১ সালে ভাইরাল হওয়ার পর অভিনয়ে পা রেখে একের পর এক হিট কাজ উপহার দেওয়া দানানির নতুন এই প্রকল্প দিয়ে আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছেন।