বার্সেলোনার ঐতিহ্যবাহী ‘লা মাসিয়া’ অ্যাকাডেমি থেকে উঠে এসে দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে ছয়টি ভিন্ন দেশের ক্লাব মাতিয়ে অবশেষে ফুটবলকে বিদায় জানালেন স্প্যানিশ উইঙ্গার ক্রিস্টিয়ান তেলো। ৩৫ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি।
বিশ্ববিখ্যাত ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকমের তথ্য অনুযায়ী, রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানান এই উইঙ্গার।
বার্সেলোনার মূল দলে প্রতিশ্রুতিশীল পারফরম্যান্স দিয়ে নজরে আসা তেলো পরবর্তীতে রিয়াল বেতিস ও পোর্তোর মতো ইউরোপের খ্যাতনামা ক্লাবগুলোতে ক্যারিয়ারের সেরা সময় কাটান। দীর্ঘ পথচলার শেষলগ্নে সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বিভাগের ক্লাব ‘পাম সিটি এফসি’-র হয়ে কিছুদিন খেলে নিজের ফুটবল অধ্যায়ের চূড়ান্ত ইতি টানলেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া আবেগঘন বিদায়ী বার্তায় তেলো লেখেন, "আজ আমার জীবনের একটি সুন্দর অধ্যায়কে বিদায় জানানোর সময় এসেছে। এতগুলো বছর, কত কত ম্যাচ, কত ড্রেসিংরুম, অজস্র আনন্দ আর কঠিন কিছু মুহূর্ত পেরিয়ে আজ পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।"
দীর্ঘ যাত্রার উত্থান-পতন স্মরণ করে পরিবার, সতীর্থ ও ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এই স্প্যানিশ তারকা। তিনি লেখেন, "ফুটবল আমাকে জীবনের সবকিছু দিয়েছে। একসময় যেসব স্বপ্নকে অসম্ভব মনে হতো, সেগুলোকে সত্যি করার সুযোগ দিয়েছে। ফুটবলের বদৌলতে এমন কিছু স্মৃতি তৈরি হয়েছে, যা চিরকাল অমলিন থাকবে। পেশাদার ফুটবলার হিসেবে আমার অধ্যায় আজ শেষ হলেও, এই খেলা আমাকে যা যা শিখিয়েছে, তা চিরকাল আমার সঙ্গে থাকবে।"