ঢালিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন। সপ্তাহের শুরুর দিনেই ভক্ত ও অনুরাগীদের এক বড় চমক দিলেন তিনি।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কোলজুড়ে থাকা এক সদ্যোজাত শিশুর ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এই একটি ক্যাপশন ও ছবি পোস্ট করার পরই নেটিজেনদের মাঝে তীব্র কৌতূহল ও ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়িতে বসা পরিপাটি সাজ ও রোদচশমা পরা পরীমনির বুকে পরম ভালোবাসায় জড়িয়ে আছে এক ফুটফুটে সদ্যোজাত শিশু। প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পুণ্য এবং কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মের পর নতুন ছবি ও ক্যাপশন দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে—অভিনেত্রী কি তবে আবারও কোনো সন্তান দত্তক নিয়েছেন, নাকি এটি নতুন কোনো প্রজেক্টের প্রচারণার অংশ!
পোস্টের কমেন্ট বক্সে অনুরাগী ও সাধারণ নেটিজেনদের বিভিন্ন প্রশ্নের জবাবও দিতে দেখা গেছে পরীমনিকে। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে নায়িকা সংক্ষেপে উত্তর দেন, ‘ছেলে’। অন্য এক নেটিজেন যখন কৌতূহল নিয়ে জানতে চান তিনি আর কতটি সন্তান নেবেন, তখন নিজের রসিক স্বভাব বজায় রেখে পরীমনি উত্তর দেন, ‘আর ৯৭টা।’
অবশ্য বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে পরীমনি এর আগেও বহুবার প্রকাশ করেছেন যে তিনি অনেক সন্তানের মা হতে চান। এমনকি সন্তানদের সংখ্যা ১০০ ছুঁতে পারে বলেও অতীতে রসিকতা করেছিলেন তিনি।
উল্লেখ্য, সাবেক স্বামী ও অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই পরম স্নেহে বড় করছিলেন পরীমনি। পরবর্তীতে তিনি এক কন্যাসন্তান দত্তক নেন এবং তাঁর নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। একক অভিভাবক হিসেবে দুই সন্তানকে লালন-পালনের পাশাপাশি এবার কোলজুড়ে আসা নতুন অতিথিকে কেন্দ্র করে আবারও চর্চায় এলেন এই ঢালিউড তারকা।