ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর


জাতীয় ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 06-09-2026

ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার তাগিদ; সচিবালয়ে বুড়িগঙ্গা-তুরাগসহ পাঁচ নদীর পরিবেশ উন্নয়নে উচ্চপর্যায়ের পর্যালোচনা

        ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার চারপাশের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদীর নাব্যতা রক্ষা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, কেবল সরকারি আদেশের অপেক্ষায় না থেকে দেশের পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায়িত্ববোধ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী রেখে যাওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

সভায় ঢাকার প্রাণরেখা হিসেবে পরিচিত বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনগুলোর দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য অপসারণের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নদীগুলোর পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ ও বিদ্যমান বৃত্তাকার নৌপথকে আরও কার্যকর ও আধুনিক করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাজের গতি বাড়াতে স্থানীয় সরকার, পরিবেশ, নৌপরিবহন ও পানিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে নিবিড় সমন্বয় নিশ্চিত করতে হবে।

উচ্চপর্যায়ের এ সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com