রোহিঙ্গা সংকট আর কেবল মানবিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টির পাশাপাশি সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন' রোহিঙ্গা সংকটের উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে এই বৈঠকের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অপরিহার্য। সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক মহলের, বিশেষ করে জাতিসংঘের কার্যকর ভূমিকার তাগিদ দিয়ে তিনি এই প্রত্যাবাসন প্রক্রিয়াকে আন্তর্জাতিক আলোচনার রাডারে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘমেয়াদী এই রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান না হলে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার চরম ঝুঁকি তৈরি হচ্ছে। তাই নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।
অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নিরাপত্তা বিশ্লেষক ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।