রাজধানীর অত্যন্ত ব্যস্ততম দুই মেট্রোরেল স্টেশন— মিরপুর-১০ ও ফার্মগেটের নিচে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে শনিবার দুপুরে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগ দুটি উদ্ধার ও পরীক্ষা করার পর তাতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তুর অস্তিত্ব পায়নি বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১ আগস্ট) দুপুরে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের নিকটবর্তী স্থানে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পেয়ে পথচারী ও যাত্রীদের মধ্যে সন্দেহ জাগে। প্রায় একই সময়ে তেজগাঁও থানাধীন ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছেও একটি সন্দেহজনক পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখা যায়।
খবর পাওয়ার পরপরই দুপুর ১টা ১০ মিনিটে নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং পুরো এলাকা কর্ডন করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। খবর দেওয়া হয় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমকে।
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মানসম্মত নিরাপত্তা প্রোটোকল (এসওপি) অনুসরণ করে সন্দেহজনক ব্যাগটিতে এক্স-রে পরীক্ষা চালায়। পরীক্ষায় ভেতরে কৌটাসদৃশ বস্তু দেখা গেলে নিরাপত্তার স্বার্থে 'ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর' ব্যবহার করে ব্যাগটি নিষ্ক্রিয় করা হয়। তবে পরবর্তীতে ব্যাগটি খুলে তার ভেতরে কেবল জর্দার একটি কৌটা ও পান পাওয়া যায়।
অন্যদিকে, ফার্মগেট এলাকায় উদ্ধার হওয়া সন্দেহজনক বস্তাটি হস্তচালিত উপায়ে (হ্যান্ড এন্ট্রি) পরীক্ষা করে সেখানেও কোনো ধরনের বিস্ফোরক বস্তু না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিশেষজ্ঞরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে স্বাভাবিক হয় ট্রেন চলাচল ও পরিবেশ।
ঘটনা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরবাসীকে যেকোনো ধরনের গুজব বা সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোথাও কোনো সন্দেহজনক বস্তু বা পরিস্থিতি দেখলে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়।