২০২৭ বিশ্বকাপের ১২টি আয়োজক শহর চূড়ান্ত!


ক্রীড়া প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 01-08-2026

২০২৭ বিশ্বকাপের ১২টি আয়োজক শহর চূড়ান্ত!
২৪ বছর পর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ফিরছে ওডিআই বিশ্বকাপ; নতুন সংযোজন উইন্ডহক ও ভিক্টোরিয়া ফলস

       দীর্ঘ ২৪ বছরের দীর্ঘ বিরতি শেষে আফ্রিকা মহাদেশে ফিরছে আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে ২০২৭ সালের এই মেগা ইভেন্ট আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবং আয়োজক দেশগুলো যৌথভাবে ১২টি আয়োজক শহরের নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে।

পুরো টুর্নামেন্টে মোট ৫৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিংহভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। শহরগুলো হলো— জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন। আসরের মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে পারে জোহানেসবার্গের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স অথবা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে।

সহ-আয়োজক জিম্বাবুয়ের তিনটি শহর— হারারে, বুলাওয়ে এবং নতুন যুক্ত হওয়া ভিক্টোরিয়া ফলসে অনুষ্ঠিত হবে ৭ থেকে ১০টি ম্যাচ। চালিত বছরের শেষ নাগাদ ভিক্টোরিয়া ফলসে নির্মাণাধীন ১০ হাজার দর্শক ধারণক্ষমতার আন্তর্জাতিক স্টেডিয়ামটির কাজ সম্পন্ন হতে যাচ্ছে। অন্যদিকে, আইসিসির সিনিয়র পর্যায়ের টুর্নামেন্টে প্রথমবার আয়োজক হওয়া নামিবিয়ার রাজধানী উইন্ডহকে অনুষ্ঠিত হবে অন্তত তিনটি ম্যাচ।

প্রস্তুতি ম্যাচ ও ভেন্যু বণ্টন

দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগামী বছর নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার এই দুটি ভেন্যুতে যৌথভাবে বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, প্রাথমিক সূচি অনুযায়ী ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেটের এই সর্ববৃহৎ আসর। এর আগে ২০০৩ সালে সর্বশেষ আফ্রিকা মহাদেশে (দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া) পুরুষ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com