ঢালিউডে অভিষেক হচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের!


বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 27-07-2026

ঢালিউডে অভিষেক হচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের!
মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ চলচ্চিত্রে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী..

     পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মধুমিতা সরকারের দীর্ঘদিনের ইচ্ছে ছিল বাংলাদেশে কাজ করার। এবার তাঁর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

কলকাতা থেকে ফোনে গণমাধ্যমকে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, “আমি কাজটি করার জন্য খুবই এক্সাইটেড। অনেক বছর ধরেই বিভিন্ন কাজের সূত্রে বাংলাদেশে যাওয়ার কথা থাকলেও কোনো কারণে তা হয়ে ওঠেনি। অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। খুব শিগগিরই আমি বাংলাদেশে আসছি।”

তিনি জানান, কিছুদিন আগেই সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গল্প ও নিজের চরিত্র সম্পর্কে জানার পর থেকেই কাজটি নিয়ে তাঁর আগ্রহ তৈরি হয়। গল্প প্রসঙ্গে মধুমিতা বলেন, “গল্পটি খুবই চমৎকার এবং চরিত্রটি আমার মন ছুঁয়ে গেছে। কলকাতায় বৈচিত্র্যময় অনেক কাজ করলেও এমন চরিত্রে আগে কখনো কাজ করা হয়নি। চরিত্রটির মধ্যে অনেকগুলো লেয়ার রয়েছে, তাই আমি ভীষণ উচ্ছ্বসিত।”

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রে থাকবেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। সিনেমাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না; পুরো গল্পটি আবর্তিত হবে একজন নারী চরিত্রকে কেন্দ্র করে। আগামী নভেম্বর বা ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, তবে মধুমিতার বিপরীতে আর কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে মধুমিতা বলেন, “কলকাতার বাইরে বাংলাদেশে আমার অসংখ্য অনুরাগী রয়েছে। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের সময় থেকেই তাঁদের ভালোবাসা অনুভব করেছি। আজ আমি যা ভালোবাসা পেয়েছি, তার বড় একটি অংশ বাংলাদেশি দর্শকদের। তাঁদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।”

তিনি আরও জানান, বাংলাদেশের নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমা নিয়মিত দেখেন। পছন্দের তালিকায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিপড়াবিদ্যা’, ‘টেলিভিশন’, ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ এবং গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’। মোশাররফ করিমের সঙ্গে আগে কাজ করলেও ভবিষ্যতে চঞ্চল চৌধুরী ও সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বড় পর্দায় এবারই প্রথম কাজ করলেও ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত নাটক ‘মেঘবালিকা’-তে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের নজর কেড়েছিলেন মধুমিতা সরকার। এবার ‘গুলশানের চামেলি’ দিয়ে ঢালিউডে তাঁর নতুন পথচলা শুরু হতে যাচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com