জুবাইদা রহমানকে পাশে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: ডিএমসি ডে-তে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 11-07-2026

জুবাইদা রহমানকে পাশে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: ডিএমসি ডে-তে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ঐতিহ্যবাহী ‘কাজী ফজলুল হক মহিলা হোস্টেল’-এর শিক্ষার্থীদের সঙ্গে এক অত্যন্ত আনন্দঘন ও আবেগঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ শনিবার সকাল ১০টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী পর্বের পর প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান সরাসরি ওই মহিলা হোস্টেল পরিদর্শনে যান। উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা বিদ্যায় পড়াশোনার সময় ডা. জুবাইদা রহমান এই হোস্টেলটিতেই আবাসিক শিক্ষার্থী হিসেবে অবস্থান করতেন।

হোস্টেল পরিদর্শনের সময় নিজের পুরনো দিনগুলোর স্মৃতিচারণা করে উপস্থিত সকলের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আগে যখন জুবাইদা রহমানকে মেডিকেলে নিয়ে আসতাম, তখন তাকে সামনের সিটে আমার পাশে বসিয়ে নিয়ে আসতাম। আজও আসার সময় তাকে বলেছি সামনের সিটে বসতে। পাশে দেখিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি।’ প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হোস্টেলের মূল ফটকের সামনে সকাল থেকেই বিপুলসংখ্যক শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। প্রিয় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে এত কাছে পেয়ে ছাত্রীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। উপস্থিত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দোয়া করি, আপনারা নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হোন।’

এদিকে নিজের স্মৃতিবিজড়িত শিক্ষাজীবনের দিনগুলোর কথা স্মরণ করতে গিয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. জুবাইদা রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ এখানে এসে অনেক স্মৃতি মনে পড়ছে। এই ক্যাম্পাসে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে। আজ সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে।’ বর্তমান প্রজন্মের চিকিৎসা শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের সব সময় সামনের দিকে তাকাতে হবে। জীবনের টানাপোড়েনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে। মনের ভেতর রাগ-ক্ষোভ পুষে রাখলে চলবে না। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।’ একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজকে এমন জায়গায় নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি, যাতে সারা বিশ্ব এখানকার চিকিৎসাসেবা সম্পর্কে জানতে পারে এবং একদিন এই মেডিকেল কলেজ নিয়ে সবাই গর্ব করতে পারে। মতবিনিময় শেষে উপস্থিত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে সেলফি তুলে এই ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com