দেশের বন্যা পরিস্থিতি আরও অবনতির পূর্বাভাস, একাধিক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 11-07-2026

দেশের বন্যা পরিস্থিতি আরও অবনতির পূর্বাভাস, একাধিক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ শনিবার দুপুরে সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ বন্যা পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলসমূহে চলমান বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। তবে এর বিপরীত চিত্র দেখা যেতে পারে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে। এই সময়ের মধ্যে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও নতুন করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। তবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এর পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে এবং সুরমা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

অন্যদিকে, দেশের উত্তরাঞ্চলেও বন্যার নতুন আবহ তৈরি হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com