আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয়ভাবে ম্যাচ হারার পর মাঠের রেফারিং নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পরও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ ব্যবধানে হারতে হয়েছে মিসরকে। আর্জেন্টিনার এই দুর্দান্ত কামব্যাকের ম্যাচে রেফারি স্পষ্ট পক্ষপাতিত্ব করেছেন বলে জোরালো দাবি করেছে মিসরীয় পক্ষ। তাদের অভিযোগ, ম্যাচ পরিচালনাকারী রেফারির ভুল এবং একপেশে সিদ্ধান্তই মূলত ম্যাচের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে দিয়েছে।
ম্যাচ শেষে কোনো রাখঢাক না রেখেই মিসরের কোচ হোসেম হাসান ক্ষোভ প্রকাশ করে জানান, চলতি টুর্নামেন্টে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টিকিয়ে রাখতেই তাদের সঙ্গে এই অন্যায় করা হয়েছে। অন্যদিকে মাঠের রেফারিকে সরাসরি ‘জালিম’ বলে সম্বোধন করেছেন মিসরীয় ফরোয়ার্ড মোস্তফা জিকো। এই ঘটনার রেশ ধরে এবার আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে নালিশ জানাল মিসর ফুটবল ফেডারেশন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফেডারেশনের যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ লিখেছেন, ‘মিসর ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করছে।’
মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর সহকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় যেন এই ফরাসি রেফারি এবং তাঁর সহকারীদের আর কোনো দায়িত্ব না দেওয়া হয়, সেই আহ্বানও জানান তিনি। মিসরের পক্ষ থেকে মূলত দুটি বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে জোর আপত্তি তোলা হয়েছে। প্রথমত, ভিএআর (VAR) প্রযুক্তির মাধ্যমে মিসরের একটি নিশ্চিত গোল বাতিল করা এবং দ্বিতীয়ত, ডি-বক্সে ফাউলের শিকার হওয়ার পর পেনাল্টতির জোরালো আবেদন করা সত্ত্বেও রেফারি কর্তৃক ভিএআর পর্যালোচনা না করা। মিসরীয় ফুটবল কর্তাদের মতে, এই দুটি ভুল সিদ্ধান্তই তাদের হাত থেকে ম্যাচটি ছিনিয়ে নিতে বড় ভূমিকা রেখেছে।