রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: এমপি হানজালা


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 21-06-2026

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: এমপি হানজালা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা এবং গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের মধ্যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক তীব্র বাকযুদ্ধ তৈরি হয়েছে। একটি সালিশ বৈঠকে বিএনপির এক কর্মীকে ধমক দেওয়া ও তার ওপর চড়াও হওয়ার জেরে এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক মন্তব্য করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন রাশেদ খাঁন। এর জবাবে আজ রোববার (২১ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাল্টা পোস্ট দিয়ে রাশেদ খাঁনকেও চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষের পাশে রাখার দাবি জানিয়েছেন সংসদ সদস্য হানজালা।

ফেসবুক পোস্টে পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা লিখেছেন, রাশেদ খাঁন তাঁকে চিড়িয়াখানায় দেখতে নিয়ে যেতে চান। তিনি সেখানে অবশ্যই যাবেন, তবে থাকবেন বাঘের সাথে— কারণ বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত নয়। রাশেদ খাঁনকে কটাক্ষ করে তিনি আরও লেখেন, রাশেদ খাঁনকে তিনি ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে রেখে আসবেন এবং দেখবেন তারা দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে এমপি হানজালা ঠাট্টা করে লেখেন, সেই গরু বা মহিষটি যেন পরে নিজের নাম পরিবর্তনের আবেদন না করে।

এই ঘটনার সূত্রপাত ঘটে গত শনিবার দুপুর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে দেখা যায়, একটি সালিশ বৈঠকের একপর্যায়ে সংসদ সদস্য হানজালা উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উচ্চৈঃস্বরে কথা বলছেন এবং একপর্যায়ে টেবিল চাপড়ে বলছেন, "কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন? ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিবো।" এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর শনিবার বিকেলে রাশেদ খাঁন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমপির তীব্র সমালোচনা করে লেখেন, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটিকে টিকিট কেটে দেখতে পারে। একজন বিএনপি নেতার সাথে এমন আচরণে লজ্জা প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন যে, এসব ম্যানারলেস লোকজন কীভাবে এমপি হলো।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com