১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক হলেন শেরপুরের দেবপ্রিয়!


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 09-06-2026

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক হলেন শেরপুরের দেবপ্রিয়!

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে শেরপুরে এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক দেবপ্রিয় দাস নামের এক যুবক ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক গোষ্ঠীভুক্ত হয়েছেন। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকার ‘স্বজন মাদক নিরাময় কেন্দ্র’-এর ছাদে এই ভিন্নধরণের আয়োজনটি করা হয়। সেই সময় সেখানে ব্রাজিলের ২০ থেকে ২৫ জন সমর্থক উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিত মো. আলিম নামের এক ব্রাজিল সমর্থক জানান, দেবপ্রিয় দাস এতদিন মূলত কেবল লিওনেল মেসির কারণে আর্জেন্টনাক সমর্থন করতেন। তবে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে তিনি মনে করছেন। এর পাশাপাশি বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড় না থাকায় দলটির প্রতি তাঁর আগের মতো আস্থা নেই। মূলত এই কারণেই তিনি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।

দল পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে দেবপ্রিয় দাস নিজে বলেন, ‘বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকা খেলোয়াড় নেই। তাই দলটির ওপর আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সব সময়ই আমার ভালো লাগে। নেইমারও আমার পছন্দের খেলোয়াড়দের একজন। এসব কারণেই ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’ শেরপুরের স্বজন মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মেহের খান বলেন, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে দেবপ্রিয় আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তাঁকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com