আমাদের খাদ্য-বস্ত্র-বাসস্থানের ভাগ ওদের কেন দেব: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর


আন্তর্জাতিক ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 26-05-2026

আমাদের খাদ্য-বস্ত্র-বাসস্থানের ভাগ ওদের কেন দেব: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে নিজেদের দেশে ফেরার উদ্দেশ্যে কয়েক শত মানুষের দীর্ঘ ভিড় জমেছে। পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক এক নতুন ঘোষণার পর থেকেই সীমান্ত এলাকায় এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর থানার অন্তর্গত বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হাকিমপুর চেকপয়েন্টে সীমান্তমুখী মানুষের দীর্ঘ সারি দেখা যায়।

সীমান্তে মানুষের এই আকস্মিক ভিড় বাড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কড়া মনোভাব ব্যক্ত করে প্রশ্ন তুলেছেন, ‘আমাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অংশ ওদের কেন দিতে হবে?’ আজ নদীয়ার কল্যাণীতে একটি প্রশাসনিক সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হাকিমপুরের বিষয়টি তিনি টেলিভিশনে দেখেছেন। সেখান থেকে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “তাড়াতাড়ি পালাও। তাড়াতাড়ি পালাও।” তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আমাদের খাদ্য-বস্ত্র-বাসস্থানের ভাগ ওদের কেন দেব আমরা?’

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও স্পষ্ট করেন যে, এটি কোনো নতুন আইন নয়, আগে থেকেই এই আইন রয়েছে এবং এই সব মানুষের নিজেদের দেশে চলে যাওয়াই ভালো। তিনি জানান, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছে তাদের নিজেদের সরকার। তাই রাজ্য পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, এদেরকে জেলে পাঠানোর কোনো প্রয়োজন নেই, কারণ আইনে তেমন কিছু বলা নেই। পুলিশ সরাসরি এদের আটক করে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেবে। দেশের রাষ্ট্রীয় অর্থ খরচ করে কেন তাদের খাবার, ওষুধ বা পোশাক দেওয়া হবে—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘জামাই নাকি! জলদি জলদি ভাগো।’

উল্লেখ্য, গত রোববার শুভেন্দু অধিকারী রাজ্যে অবৈধভাবে বসবাসকারী ও অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের জন্য ‘হোল্ডিং সেন্টার’ বা ‘আটক শিবির’ চালু করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার পর গত সোমবারের মধ্যেই রাজ্যের জেলাগুলোতে এই হোল্ডিং সেন্টারগুলো পুরোপুরি চালু করা হয়। সোমবারই প্রথম দফায় ১২ জন বাংলাদেশি নাগরিককে এই হোল্ডিং সেন্টারে আটক করা হয়। মূলত এই ঘটনার পর থেকেই আইনি জটিলতা ও আটক হওয়ার ভয় এড়াতে অবৈধভাবে বসবাসকারীরা নিজেদের দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে এসে জড়ো হতে শুরু করেছেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com