ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপি নেতা তারেক রেজার জামিন


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 25-05-2026

ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপি নেতা তারেক রেজার জামিন

ঝিনাইদহ জেলা ছাত্রদলের এক নেতার করা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিন পেয়েছেন। তবে একই মামলায় এনসিপির যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’র সংগঠক অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২৫ মে) ঝিনাইদহ আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এনসিপির ঝিনাইদহ জেলা যুগ্ম সমন্বয়ক হামিদ পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত রোববার তারেক রেজাকে ছাত্রদলের মামলায় পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, আজ ঝিনাইদহ আদালতে তারেক রেজা ও অয়নের পক্ষে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন পেশ করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করলেও অয়নের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন এনসিপির আইনবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম (মুসা), সহ-আইন সম্পাদক হুমায়রা নূর, আরমান হোসাইন ও ইসমাইল হোসেন।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপকে কেন্দ্র করে এই পরিস্থিতির সূত্রপাত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল এবং এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই দিন রাতেই এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এরই জের ধরে পরদিন শনিবার সকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির বাদী হয়ে পাল্টা মামলা করেন। এই মামলায় এনসিপি নেতা তারেক রেজাসহ ২২ জন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। এই পাল্টা মামলাতেই গত রোববার তারেক রেজাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com