দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | সোহেল জুলফিকার , আপডেট করা হয়েছে : 07-05-2026

দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে ঘুষ ও দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত। তবে আদালত তাদের সাজা কার্যকর দুই বছরের জন্য স্থগিত রেখেছে।

বৃহস্পতিবার (৭ মে) পৃথক রায়ে এ দণ্ড ঘোষণা করা হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সাবেক এই দুই শীর্ষ কর্মকর্তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।

আদালতের রায়ে বলা হয়, ওয়েই ফেংহে ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যদিকে লি শাংফুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার পাশাপাশি ঘুষ দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে।

দণ্ডপ্রাপ্ত দুই কর্মকর্তা চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক সদস্য এবং স্টেট কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তারা দেশটির সামরিক ও রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

রায়ের অংশ হিসেবে তাদের আজীবনের জন্য সব রাজনৈতিক অধিকার বাতিল করা হয়েছে। একইসঙ্গে ব্যক্তিগত সম্পদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।

আদালত আরও জানিয়েছে, দুই বছরের স্থগিতাদেশ শেষ হওয়ার পর সাজা স্বয়ংক্রিয়ভাবে যাবজ্জীবন কারাদণ্ডে রূপ নেবে। এরপর তারা আর কোনো ধরনের দণ্ড মওকুফ বা মুক্তির সুযোগ পাবেন না।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতিবিরোধী অভিযানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসন আরও কঠোর অবস্থান নিয়েছে। সামরিক বাহিনীর উচ্চপর্যায়েও সেই অভিযান অব্যাহত রয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com